বিশ্ব

লন্ডনে অগ্নিসংযোগের ঘটনা

পুলিশের তদন্তের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ০৪:০৬

যুক্তরাজ্যের লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চল হেনডনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, এক ব্যক্তিকে একটি ব্যাগে আগুন ধরিয়ে ভবনের প্রবেশপথে রেখে যেতে দেখা গেছে। পরে ওই ব্যাগে দাহ্য পদার্থভর্তি তিনটি বোতল পাওয়া যায়। এতে দোকানের সামনের অংশে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে দমকল বাহিনীও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলটি আগে ইহুদি সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে। ভবনটি একসময় Jewish Futures নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে উত্তর-পশ্চিম লন্ডনের বিভিন্ন এলাকায় একই ধরনের একাধিক অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। এর মধ্যে একটি পার্সিয়ান ভাষার গণমাধ্যম অফিস, একটি সিনাগগ এবং ইহুদি দাতব্য সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনাও তদন্ত করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনও পাওয়া যায়নি। তবে ঘটনার ধরণে মিল থাকায় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে নেতৃত্ব দিচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে এলাকায় সশস্ত্র টহলসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন