অর্থনীতি

পেট্রোল, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলো সরকার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ২২:৫০

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, যা সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও।

এর আগে অকটেনের দাম ছিল ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। নতুন দামে প্রতি লিটারে বড় ধরনের বৃদ্ধি হয়েছে, যা ইতোমধ্যেই চাপে থাকা জনগণের জন্য আরও বোঝা হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম বাড়লে এর প্রভাব শুধু পরিবহনেই সীমাবদ্ধ থাকে না—পণ্য পরিবহন ব্যয় বাড়ার মাধ্যমে বাজারে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকিও তৈরি হয়।

অর্থনীতি থেকে আরো পড়ুন