বিশ্ব

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলারের বেশি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। তবে এই হিসাব এখনো প্রাথমিক এবং সময়ের সঙ্গে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার।

ইরানের রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে, যুদ্ধজনিত এই ক্ষতির বিষয়টি এখন কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে তেহরান। ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার করা হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, চলমান আলোচনায় যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন পর্যায়ে ক্ষয়ক্ষতির হিসাব মূল্যায়ন করা হচ্ছে এবং এই প্রক্রিয়া এখনও চলমান।

তিনি জানান, বর্তমান হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার ধরা হলেও এটি চূড়ান্ত নয়। অবকাঠামো, জ্বালানি খাত, শিল্প ও বেসামরিক ক্ষতির পূর্ণ চিত্র সামনে এলে এই অঙ্ক আরও বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এই বিপুল ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিপূরণ আদায়ের দাবি জোরালো করার ইঙ্গিত দিয়েছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।

বিশ্ব থেকে আরো পড়ুন