বিশ্ব

ভারতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত অন্তত ৩০

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১১:২৪

ভারতের বিহার রাজ্যে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটিহার জেলা-র কোঢা ব্লকের জাতীয় মহাসড়ক-৩১ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

জেলার পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন বলে জানা গেছে। পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন।

এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্ব থেকে আরো পড়ুন