বিশ্ব

লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হওয়া উচিত: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ০৪:৩০

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

লেবাননে ইসরায়েলের চলমান হামলাকে ‘ভুল’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

উপসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে কাতারে অবস্থানকালে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বন্ধ হওয়া উচিত।

কিয়ার স্টারমার বলেন, এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে কি না, সেটি কেবল আইনি বা কারিগরি প্রশ্ন নয়, বরং এটি নীতির প্রশ্ন। তিনি বলেন, “একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, এই হামলা ভুল। এটি হওয়া উচিত নয়।”

তবে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বিবরণ এখনো যুক্তরাজ্যের হাতে আসেনি বলে জানান তিনি। এ কারণে লেবাননে ইসরায়েলের হামলা আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ভঙ্গ করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত হয়েছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন। তবে ইসরায়েল দাবি করেছে, লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে আলোচনা শুরু করা হবে। তবে একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ইসরায়েল।

উপসাগরীয় অঞ্চল সফরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরের পর কাতারে পৌঁছেছেন কিয়ার স্টারমার। সেখানে পৌঁছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গেও কথা বলেন।

দুই নেতা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন। কিয়ার স্টারমার বলেন, হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ থাকতে হবে এবং সেখানে কোনো ধরনের টোল বা অতিরিক্ত অর্থ আদায় করা উচিত নয়।

বিশ্ব থেকে আরো পড়ুন