বিশ্ব

ইরানজুড়ে ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট-ইসরায়েল

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ২২:২২


ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে “আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে”।


মঙ্গলবার দেওয়া এই হুঁশিয়ারিতে তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ পরিস্থিতি নিরসনে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের হামলায় যেতে পারে। তবে একইসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়সীমার আগে “অসাধারণ কিছু” ঘটার সম্ভাবনাও রয়েছে।

এর মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্র জানায়, এই হামলায় সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে এখনও এমন কিছু সক্ষমতা রয়েছে যা প্রয়োগ করা হয়নি। তবে তার দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের সামরিক লক্ষ্য “মূলত অর্জন” করেছে।

অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কাশান এলাকায় একটি সেতুতে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ট্রেনে চলাচল না করার সতর্কবার্তা দিয়েছিল।

সংঘাত শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলের দাবি, ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের ভূখণ্ডে। একইসঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশেও রাতভর হামলার খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনেও তৎপরতা বাড়ছে। হরমুজ প্রণালিকে ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উঠলেও তা ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন