বাংলাদেশ

সার্ভার কক্ষে আগুন

সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সাময়িক বন্ধ

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ০৩:২৯

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সার্ভার কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার কক্ষে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সিলেট মহানগর পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগুনে কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সার্ভার কক্ষে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। তবে সার্ভার কক্ষ হওয়ায় এখানে থাকা সংবেদনশীল যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন