বিশ্ব

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১১:৪৯

ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকেও জীবিত উদ্ধার করে দেশটি থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এর মাধ্যমে দুই সদস্যের পুরো ক্রুই এখন মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সদস্যটি ছিলেন বিমানের অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা। যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর তিনি প্রাণে বেঁচে যান, যদিও আহত অবস্থায় ছিলেন। তবুও তিনি চলাফেরা করতে সক্ষম ছিলেন এবং উদ্ধার অভিযানের আগ পর্যন্ত যোগাযোগ বজায় রাখেন।

এর আগে একই বিমানের পাইলটকে বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়। তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে আরও সময় লাগে এবং তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান।

জানা গেছে, শনিবার বিশেষ কমান্ডো ইউনিট ওই উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আকাশপথে একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। উদ্ধারকালে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে তাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী।

অভিযান শেষে উদ্ধার হওয়া ক্রুসহ সংশ্লিষ্ট সব মার্কিন সেনা দ্রুত ইরানের ভেতর থেকে বেরিয়ে যায় বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রুই নিজেদের যোগাযোগ যন্ত্র ব্যবহার করে সংকেত পাঠান, যার ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রুকে খুঁজে বের করতে অতিরিক্ত সময় ও প্রস্তুতি প্রয়োজন হয়।

বিশ্লেষকদের মতে, এই উদ্ধার অভিযান সামরিকভাবে সফল হলেও পুরো ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

বিশ্ব থেকে আরো পড়ুন