সংবিধান সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিপ্লবী বা ট্রানজিশনাল সরকার ছাড়া বিদ্যমান সংবিধানের ভেতরে থেকে সেটি বাতিল বা আমূল পরিবর্তন সম্ভব নয়।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, সংবিধানকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করা হচ্ছে। “এই সংবিধান ছুড়ে ফেলব কেন? এত গাত্রদাহ কেন?”—প্রশ্ন রেখে তিনি বলেন, সংবিধান নিয়ে এমন অবস্থান যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে আপত্তি রয়েছে প্রক্রিয়া নিয়ে। যদি সত্যিই সংবিধান বাতিল করে নতুনভাবে রাষ্ট্র কাঠামো গড়ার পরিকল্পনা থাকত, তাহলে তখনই একটি বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। কিন্তু একটি নিয়মিত সরকারের অধীনে পুরোনো সংবিধান বহাল রেখে তা বাতিলের উদ্যোগ বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী মতকে দমন করার প্রবণতারও সমালোচনা করেন পার্থ। তিনি বলেন, কেউ ভিন্নমত দিলেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে—যা অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি।
তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে বিভিন্ন পক্ষের অবদান রয়েছে এবং তা অস্বীকার করা ঠিক নয়। “শেষ মুহূর্তের সাফল্য দেখিয়ে আগের অবদান অস্বীকার করা উচিত নয়”—বলেন তিনি।
গণভোট প্রসঙ্গেও প্রশ্ন তুলে পার্থ বলেন, একাধিক বিষয়ে একসঙ্গে ভোট দেওয়ার প্রক্রিয়া ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। কোনো একটি বিষয়ে দ্বিমত থাকলে ভোটার কীভাবে সিদ্ধান্ত নেবেন—সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, যাতে জনগণের আস্থা অক্ষুণ্ণ থাকে।
রাজনীতি থেকে আরো পড়ুন