যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত স্থাপনা লক্ষ্যবস্তু
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১১:৩৭
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট দুটি অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করেছে। হামলার লক্ষ্য ছিল আমিরাতের ‘ইমারেটস অ্যালুমিনিয়াম (ইমাল)’ এবং বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা)’ কারখানা।
বিবৃতিতে ইরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে ইরানের শিল্প অবকাঠামোর বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। এর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসি আরও জানায়, ইমাল বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১৩ লাখ টন। অন্যদিকে আলবা কারখানায় মার্কিন বিনিয়োগ রয়েছে এবং এটি আন্তর্জাতিক শিল্প সরবরাহ চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কারখানাগুলোর পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা প্রভাব সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ফলে দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।
বিশ্ব থেকে আরো পড়ুন