বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তীব্র হামলা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ ১৮:২৭

ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) কোম শহরের কয়েকটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা তেহরানের গুরুত্বপূর্ণ নেতৃত্ব কাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে একযোগে আঘাত হানার খবর পাওয়া গেছে। পশ্চিম আজারবাইজানের উর্মিয়ায় একটি আবাসিক কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ধ্বংস হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছেন।

এছাড়া কারাজ ও ইস্পাহানের শিল্পাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে, যা দেশের অবকাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯৩৭ জন নিহত এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, সাধারণ মানুষই এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দেশটির নাগরিকরা।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে শর্ত হিসেবে তারা শীর্ষ নেতাদের ওপর হামলা বন্ধ, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চয়তা চায়। একই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার কথাও বলেছে তেহরান।

সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন দেশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে। তবে চলমান হামলা ও পাল্টা উত্তেজনার মধ্যে যুদ্ধ কবে থামবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন