ঝুলছে অকটেন নাই লেখা সাইনবোর্ড
ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও জ্বালানি ডিপো বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। ফলে অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে ‘অকটেন নেই’ সাইনবোর্ড, আর যেখানে তেল মিলছে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন।
মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ পাম্পে অকটেন সরবরাহ বন্ধ। অনেক স্টেশন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, আবার কিছু পাম্পে সীমিত পরিমাণ তেল থাকলেও চাহিদা মেটানো যাচ্ছে না।
ডিপো থেকে নতুন করে তেল কবে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। ফলে জ্বালানির খোঁজে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে চালকদের।
একজন রাইড শেয়ারিং চালক বলেন, এক জায়গায় তেল না পেয়ে অন্য জায়গায় যেতে গিয়ে গাড়ির অবশিষ্ট তেলও শেষ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শিগগিরই আয় বন্ধ হয়ে যাবে এবং পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
পাম্প মালিকদের দাবি, স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে জ্বালানি নেওয়ায় মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন জটিলতা তৈরি হয়েছে, যা সরবরাহ ব্যাহত করছে।
উত্তরার একটি ফিলিং স্টেশনের এক কর্মী জানান, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী প্রতিদিন একটি ট্যাংকার তেল পাওয়ার কথা থাকলেও সম্প্রতি তার তুলনায় অনেক কম সরবরাহ এসেছে। ফলে অল্প সময়েই মজুত শেষ হয়ে যাচ্ছে এবং পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা।
তিনি আরও বলেন, ডিপো থেকে সরবরাহের বার্তা না পাওয়া পর্যন্ত তাদের কিছুই করার নেই। নতুন তেল এলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি সংকটের কারণে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবায় সাময়িক ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন