বিশ্ব

ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাব ‘ফাঁদ’ হতে পারে: উদ্বিগ্ন ইরান

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০৪:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রস্তাবকে সন্দেহের চোখে দেখছে ইরান। তেহরানের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, এই আলোচনার উদ্যোগ আসলে ইরানের টিকে থাকা গুরুত্বপূর্ণ নেতাদের বাইরে বের করে এনে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সরাসরি আলোচনা ইরানের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে তেহরান। বিশেষ করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আলোচনায় অংশ নিতে বাইরে আনার কৌশল হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।

গালিবাফ সাবেক আধাসামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলায় বেঁচে যাওয়া অল্প কয়েকজন উচ্চপদস্থ নেতার একজন। সম্ভাব্য শান্তি আলোচনায় তার উপস্থিতি চাওয়ার বিষয়টি ইরানের সন্দেহ আরও বাড়িয়েছে।

ইরানি ও আরব সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাকেও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তাদের দাবি, নতুন করে হামলা শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর বোমা হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা চলছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরান সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বর্তমানে চলছে না।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর সম্ভাব্য আলোচনার আড়ালে সামরিক কৌশল লুকিয়ে থাকতে পারে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন