ধসে যাওয়া ভবনের চিত্র
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম শহরে একটি ভবনের সামনের অংশ ধসে পড়ায় অন্তত দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কিং স্ট্রিটে অবস্থিত স্ক্যাফোল্ডিং ঘেরা একটি টেরেস ভবন আংশিকভাবে ধসে পড়ে বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।
ধসের সময় ভবনের ভেতরে পাঁচজন মানুষ ছিলেন। তারা কোনোভাবে বের হয়ে আসতে সক্ষম হন। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হলেও তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবার বিপুলসংখ্যক যানবাহন এলাকায় মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি উদ্ধারকাজে তিনটি অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ হ্যাজার্ড রেসপন্স টিম অংশ নেয়। ঘটনাস্থলে চিকিৎসক ও প্যারামেডিক দলও উপস্থিত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সময় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপে ছাদ ও দেয়ালের অংশ ছড়িয়ে পড়ে। একটি এয়ার অ্যাম্বুলেন্স নিকটবর্তী ভবনের ছাদে অবতরণ করে আহতদের দ্রুত সরিয়ে নেয়।
জানা গেছে, ভবনটিতে আগে একটি ‘ইউরো কিং মিনি মার্কেট’ ছিল। ভবনটির মালিক স্থানীয় কাউন্সিলর কামরান গফুর হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ধসের কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ব থেকে আরো পড়ুন