ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
নিহতরা হলেন— আক্তার মিয়া (৪৫) ও মাওলানা হাবিবুল ইসলাম (৩৫)। নিহত হাবিবুল ইসলাম স্থানীয় ইসলামিক ফ্রন্টের ইউনিয়ন সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পূর্বের বিরোধের জের ধরে রহিম মিয়া ও কাশেম মিয়ার সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সকালে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
এর আগে ভোটের দিন জাল ভোটে প্ররোচনার অভিযোগে রহিম মিয়ার সমর্থক জিয়া মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেয়। জেল থেকে মুক্ত হয়ে এলাকায় ফেরার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের নাসিরনগর সদর হাসপাতালসহ কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্গম হাওর অঞ্চল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যদেরও পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন