বিশ্ব

কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৬৬, নিখোঁজ ৪

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ ১৩:৩২

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এখনও অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের পুতোমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামা শহরের কাছে কলম্বিয়া বিমানবাহিনীর একটি হারকিউলিস সি ১৩০ পরিবহন বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রায় দেড় কিলোমিটার উচ্চতা থেকে বিমানটি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কলম্বিয়ার সেনাপ্রধান জেনারেল হুগো আলেহান্দ্রো লোপেজ জানান, বিমানটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে বিমানবাহিনীর সদস্য, স্থলবাহিনীর সেনা এবং জাতীয় পুলিশের কর্মকর্তারা ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। বিধ্বস্ত হওয়ার সময় এটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। বিমানে জ্বালানি ছাড়াও বিস্ফোরক সামগ্রী থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের মোটরসাইকেলে করে হাসপাতালে পাঠান। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলটি দুর্গম সীমান্তবর্তী এলাকা হওয়ায় উদ্ধারকাজে সময় লাগছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ দুর্ঘটনার জন্য প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন বিলম্বিত হওয়াকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীকে আধুনিক করতে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা এই ধরনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সূত্র: রয়টার্স।

বিশ্ব থেকে আরো পড়ুন