প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ ২০:৩৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনা চলছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি এবং ট্রাম্প সময়ক্ষেপণের কৌশল নিচ্ছেন।
সোমবার (২৩ মার্চ) আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, ট্রাম্পের বক্তব্য মূলত জ্বালানির বাজারে চাপ কমানো এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়ার চেষ্টা। তিনি দাবি করেন, উপযুক্ত সময় এলে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।
এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরানের সঙ্গে “ভালো আলোচনা” হওয়ায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। তবে ইরান বলছে, এ ধরনের কোনো আলোচনা হয়নি।
আরাগচি আরও বলেন, আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রই সংঘাত শুরু করেছে— তাই আলোচনার দায়ও তাদের ওপর বর্তায়।
ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি করেছিলেন। তা না হলে বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন তিনি। কিন্তু সাম্প্রতিক ঘোষণায় সেই অবস্থান থেকে সরে এসে আলোচনা চলার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্ব থেকে আরো পড়ুন