ছবি: সংগৃহীত
কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক রয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত তুর্কিদের মধ্যে একজন সেনা সদস্য এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান অ্যাসেলসানের সঙ্গে যুক্ত দুজন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। বাকি চারজন কাতারের সশস্ত্র বাহিনীর সদস্য।
কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় ভোরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। প্রথমে ছয়জন নিহত ও একজন নিখোঁজের তথ্য দেওয়া হলেও পরে উদ্ধার অভিযান শেষে মোট সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হয় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানেও অভিযান পরিচালিত হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কাতার কর্তৃপক্ষ।
এই ঘটনায় কাতার ও তুরস্ক উভয় দেশের সামরিক ও প্রতিরক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ব থেকে আরো পড়ুন