বাংলাদেশ

কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ ১২:৩৭

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে। প্রথমে ঘটনাস্থল থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় মোট নিহত দাঁড়ায় ১২ জনে।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ চালাতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন