বাংলাদেশ

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, লাখো মুসল্লির ঢল

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ ১২:৪৫

শোলাকিয়ায় লাখো মুসল্লীর ঢল

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জনসমাগমের মধ্য দিয়ে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এই জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ভোর থেকেই নরসুন্দা নদীর তীরবর্তী ঈদগাহমুখী সব সড়ক মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে আবারও জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া মাঠ। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

প্রাচীন রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সময়সূচির সংকেত দেওয়া হয়। নামাজের ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হয়।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জামাত অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়।

মুসল্লিদের সহায়তায় মাঠে রাখা হয় অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, অগ্নিনির্বাপণ ইউনিট এবং স্বেচ্ছাসেবক স্কাউট সদস্যরা। এছাড়া যাতায়াত সহজ করতে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ট্রেন কিশোরগঞ্জে আনা হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন