বাংলাদেশ

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, নিহত ২

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ ১৬:০৫

ভবনটি থেকে বের হচ্ছে ধোঁয়ার কুন্ডলী

চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজনই একটি টেইলার্স দোকানের কর্মচারী ছিলেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন পটিয়া উপজেলার মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখালী এলাকার সোলাইমান। তারা ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি দর্জি দোকানে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই টেইলার্স থেকেই আগুনের শুরু হয়ে দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সেহরির পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার পর হঠাৎ বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গেই আগুন লাগে বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় কয়েকজন আহত হন, যাদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোকানে আগুন লাগে সেখানে ঈদের আগে কর্মচারীদের বেতন ও বোনাস দেওয়ার প্রস্তুতি চলছিল। দোকানে কয়েক লাখ টাকা নগদ ছিল বলেও দাবি করা হয়েছে।

কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিংমল এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংক শাখা, দর্জির দোকানসহ নানা প্রতিষ্ঠান থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন