বাংলাদেশ

ঈদের আগে বেতন না দিয়ে কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ১৭:৩৮

ছবি: সংগৃহীত

ঈদের ঠিক আগে বকেয়া বেতন না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে মালিক পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরীর অলঙ্কার মোড় এলাকায় ‘জায় ফ্যাশন’ নামে একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি শুরুর আগেই দুই মাসের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের কথা থাকলেও সকালে কাজে এসে তারা দেখেন কারখানার মূল ফটক তালাবদ্ধ। মালিক বা কোনো কর্মকর্তার খোঁজ না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঈদের আগে পাওনা না পেয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিবারের জন্য কেনাকাটা তো দূরের কথা, দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। বকেয়া না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, কারখানাটিতে প্রায় একশ শ্রমিক কর্মরত। মালিক জামাল হোসেন কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে; তার বাসাও বন্ধ পাওয়া গেছে এবং ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়ার প্রায় অর্ধেক পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি টাকা ঈদের পর দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, যা আপাতত শ্রমিকরা মেনে নিয়েছেন।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে এখনও উদ্বেগ বিরাজ করছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন