প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ২০:১৯
একসঙ্গে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নতুন নিয়োগ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ফোরকান, কুয়েটে অধ্যাপক ড. মো. মাসউদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন এবং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ভিসি করা হয়েছে।
এ ছাড়া ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।
তবে এই নিয়োগ নিয়ে শিক্ষাঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষাবিদরা অভিযোগ করেছেন, মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের দাবি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চলছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও গবেষণা পরিবেশের জন্য হুমকি।
সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “রাজনীতি করা অপরাধ নয়।” তিনি দাবি করেন, সংশ্লিষ্টদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করেই নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বিরোধী মহল ও শিক্ষাবিদদের মতে, দলীয়ভাবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে এবং শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
শিক্ষা থেকে আরো পড়ুন