প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৩:৩১
সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসির নির্দেশে রবিবার (১৫ মার্চ) অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে ভুয়া ভিডিও, পুরোনো ফুটেজ এবং কৃত্রিমভাবে তৈরি সামগ্রী ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছিল।
তিনটি গ্রুপে বিভক্ত অভিযুক্তরা
প্রথম গ্রুপ:
কিছু ব্যক্তি আকাশে ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থার প্রকৃত ভিডিও প্রকাশ করে ভয় ছড়ানোর মতো মন্তব্য যুক্ত করেছেন।
দ্বিতীয় গ্রুপ:
অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া বিস্ফোরণ বা হামলার দৃশ্য তৈরি করেছেন। আবার কেউ অন্য দেশের ঘটনার ভিডিও আমিরাতের বলে প্রচার করেছেন।
তৃতীয় গ্রুপ:
কিছু ব্যক্তি যুদ্ধরত একটি দেশের সামরিক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রচারণামূলক পোস্ট ছড়িয়েছেন, যা জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।
কঠোর শাস্তির বিধান
আমিরাতের আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। দোষী প্রমাণিত হলে অন্তত এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
অ্যাটর্নি জেনারেল দপ্তর জানিয়েছে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন যেকোনো গুজব, ভুয়া তথ্য বা কৃত্রিম সামগ্রী ছড়ানো রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে।
প্রবাসীদের জন্য সতর্ক বার্তা
আমিরাত কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে বলেছে, সামরিক স্থাপনা, হামলা, নিরাপত্তা অভিযান বা সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো সংক্রান্ত ছবি-ভিডিও অনুমতি ছাড়া প্রচার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি স্থানীয় আইন মেনে চলা এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব থেকে আরো পড়ুন