বিশ্ব

ইরানের ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে আগুন, সব ফ্লাইট বন্ধ

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৩:১৪

ছবি : প্রতীকী

ইরানের ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার দিবাগত রাতে বিস্ফোরকবাহী একটি ড্রোন বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পুনরায় চালু করা হবে।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নতুন সময়সূচি জেনে নিতে বলা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিতভাবে সরকারি মাধ্যমে হালনাগাদ তথ্য দিচ্ছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর প্রতিদিন হাজারো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। ফলে হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন রুটে ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার আশঙ্কা বাড়ছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন।

বিশ্ব থেকে আরো পড়ুন