বিশ্ব

মেনিনজাইটিসের প্রাদুর্ভাব

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ে দুইজনের মৃত্যু, হাসপাতালে বহু শিক্ষার্থী

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৩:১০

যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় এলাকায় মেনিনজাইটিসের মারাত্মক প্রাদুর্ভাবে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে, যাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অসুস্থ হয়ে আরও অন্তত ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে এবং অনেকে শিক্ষার্থী বলে জানা গেছে।

 

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তরা ক্যান্টারবারি এলাকার বাসিন্দা এবং একটি সামাজিক অনুষ্ঠানের সঙ্গে এই সংক্রমণের সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আক্রান্তদের ঘনিষ্ঠদের শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও তাদের পরিবারসহ ৩০ হাজারেরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সংক্রমণের সুনির্দিষ্ট ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

 

মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা আবরণে সংক্রমণ, যা দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, বমি, তীব্র মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, অস্বাভাবিক র‍্যাশ এবং গুরুতর ক্ষেত্রে রক্তদূষণ।

 

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ অনেক সময় সর্দি-জ্বর বা ফ্লুর সঙ্গে মিল থাকায় শুরুতে বোঝা কঠিন হয়। ফলে রোগটি দ্রুত গুরুতর আকার নিতে পারে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আক্রান্তদের সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হচ্ছে।

 

চিকিৎসকরা লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি বিভাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ মেনিনজাইটিস দ্রুত ছড়াতে পারে এবং অল্প সময়েই জীবনহানির ঝুঁকি তৈরি করে, বিশেষ করে তরুণদের মধ্যে।

বিশ্ব থেকে আরো পড়ুন