ছবি: মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও বর্তমান শর্ত তার কাছে গ্রহণযোগ্য নয়, তাই এখনই কোনো সমঝোতায় যেতে চান না তিনি।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সম্ভাব্য কোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে। তবে চুক্তির নির্দিষ্ট শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও তিনি দেশগুলোর নাম প্রকাশ করেননি।
ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খারগ দ্বীপে হামলার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, দ্বীপটি “সম্পূর্ণভাবে ধ্বংস” করা হয়েছে এবং প্রয়োজনে সেখানে আবার হামলা চালানো হতে পারে।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা প্রসঙ্গে ট্রাম্প বলেন, বাজারে পর্যাপ্ত তেল ও গ্যাস রয়েছে এবং সাময়িক কিছু জটিলতা থাকলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্ব থেকে আরো পড়ুন