বিশ্ব

ট্রাম্পের যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১২:২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একদিনের ব্যবধানে তেলের দাম প্রায় ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে নেমেছে, যা সোমবারের তুলনায় প্রায় ৯ শতাংশ কম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছিল। ৮ মার্চ তেলের দাম গত চার বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ওইদিন ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলার এবং ডব্লিউটিআই তেলের দাম ১০৮ ডলারে ওঠে। এর আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

তবে সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে।

তবে বিশ্লেষকরা বলছেন, দাম কিছুটা কমলেও এখনও যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন