মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উদ্দেশ করে মন্তব্য করেন, যুদ্ধ শেষ হওয়ার পর যোগ দেওয়া মিত্রের প্রয়োজন নেই।
শনিবার দেওয়া ওই পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের একসময়কার মহান মিত্র যুক্তরাজ্য নাকি এখন মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী জাহাজ পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।”
তিনি আরও বলেন, “ঠিক আছে, প্রধানমন্ত্রী স্টারমার। এখন আর আমাদের তাদের প্রয়োজন নেই। তবে আমরা বিষয়টি মনে রাখব।”
পোস্টে ট্রাম্প আরও মন্তব্য করেন, “যুদ্ধ জয়ের পর যারা এসে যোগ দেয়, তাদের আমাদের প্রয়োজন নেই।”
তবে যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নেয়নি। ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে এবং ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বাহিনীকে সীমিত প্রতিরক্ষামূলক অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য যুক্তরাজ্যের একটি বিমানবাহী রণতরীকে উচ্চ প্রস্তুতি অবস্থায় রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহ্যগত ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিশ্ব থেকে আরো পড়ুন