ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তায় জানিয়েছে, ইরান থেকে ছোড়া কিছু ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ক্লাস্টার বোমা বহনকারী মিসাইলও থাকতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কী এই ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল
ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল এমন এক ধরনের অস্ত্র, যা আকাশে বিস্ফোরিত হয়ে একাধিক ছোট বোমায় বিভক্ত হয়। এসব সাবমিউনিশন বা ছোট বিস্ফোরক নির্দিষ্ট একটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, একটি ক্লাস্টার মিসাইল নিচের দিকে নামার সময় একাধিক অংশে ভেঙে যেতে পারে এবং প্রতিটি অংশে বিস্ফোরক বহন করে। এতে বড় পরিসরে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
নিশ্চিত নয় হামলার প্রকৃতি
তবে ঠিক কোথায় এই মিসাইল আঘাত করেছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রেই এমন মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
এছাড়া ইরানের পক্ষ থেকেও এই হামলা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাড়ছে সামরিক উত্তেজনা
বিশ্লেষকদের মতে, যদি সত্যিই ক্লাস্টার বোমা বহনকারী মিসাইল ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। কারণ আন্তর্জাতিকভাবে ক্লাস্টার অস্ত্রের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।
বায়ান্ননিউজ২৪/চৈতী
বিশ্ব থেকে আরো পড়ুন