বিশ্ব

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার জবাবে ইরানের হুঁশিয়ারি: “আমরা প্রস্তুত”

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ০৪:০৩

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে সীমিত স্থল হামলা চালাতে পারে— এমন আলোচনা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিন বাহিনী যদি স্থল অভিযানের চেষ্টা করে, তাহলে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, কিছু মার্কিন কর্মকর্তা ইরানে কয়েক হাজার সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর কথা বলছেন। তবে ইরান সে ধরনের হামলার জন্য প্রস্তুত রয়েছে।

লারিজানির ভাষায়, ইমাম খোমেনি ও ইমাম খামেনির অনুসারীরা দেশের প্রতিরক্ষায় প্রস্তুত এবং যারা ইরানে স্থল হামলার কথা বলছে তাদের কঠোর জবাব দেওয়া হবে।

সামাজিক মাধ্যমে কড়া বার্তা

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি বলেন, ইরানের ভূখণ্ডে বিদেশি আগ্রাসনের কোনো স্থান নেই। যারা এমন পরিকল্পনা করছে তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

বাড়ছে সামরিক উত্তেজনা

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ও পশ্চিমা জোটের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হলে স্থল অভিযানসহ নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, যদি ইরানের মাটিতে সরাসরি স্থল অভিযান শুরু হয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে স্থল হামলা চালানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: আল জাজিরা।

বিশ্ব থেকে আরো পড়ুন