তেহরানের সতর্কবার্তা
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ০৩:০৯
লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলি দূতাবাস ও কূটনৈতিক মিশন লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিষয়ে তেহরান গভীরভাবে সতর্ক রয়েছে। এমন কোনো হামলা হলে ইসরায়েলের বিভিন্ন কূটনৈতিক স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।
ইরানি এই সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করেছে। তবে ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংযম প্রদর্শন করেছে বলেও দাবি করেন তিনি।
শেকারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। কিন্তু ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তেহরান কঠোর জবাব দিতে বাধ্য হবে।
তিনি বলেন, যদি এমন আগ্রাসন ঘটে তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী হবে এবং ইরান তার সামরিক সক্ষমতা ব্যবহার করে জবাব দেবে।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি আরও বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে ইরান সরে আসবে না। পরিস্থিতি মোকাবিলায় তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিশ্ব থেকে আরো পড়ুন