আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান—এই চার দেশের শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই চার দেশের শিক্ষার্থীদের একটি অংশ যুক্তরাজ্যে পড়াশোনার ভিসায় প্রবেশ করে পরে আশ্রয় আবেদন করছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয়প্রার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে।
হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসব দেশের শিক্ষার্থীদের করা আশ্রয় আবেদনের সংখ্যা ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা ভিসা ব্যবস্থার ওপর চাপ তৈরি করছে বলে মনে করছে সরকার।
স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, যুদ্ধ ও নিপীড়নের শিকার মানুষদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য ব্রিটেন বজায় রাখবে। তবে শিক্ষার্থী ভিসাকে আশ্রয় আবেদনের বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে না।
নতুন প্রস্তাবিত নীতিমালায় আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। সরকারের ধারণা, এতে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় আবেদন কমবে।
এদিকে আফগান নাগরিকদের জন্য কর্মভিসা প্রক্রিয়াও স্থগিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, অভিবাসন ও আশ্রয় নীতিতে কড়াকড়ি আনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ এবং আশ্রয় আবেদন ব্যবস্থায় নতুন প্রভাব পড়তে পারে।
বিশ্ব থেকে আরো পড়ুন