বিশ্ব

ইরানি ড্রোন আঘাতে কাতারে গ্যাস উৎপাদন স্থগিত

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ ২১:৩৯

ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলার পর প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কাতার এনার্জি ।

সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের দুটি শিল্প স্থাপনায় আঘাত হানার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটি–তে অবস্থিত পরিচালনাকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। একটি ড্রোন মেসাইদ এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হানে, অন্যটি রাস লাফানের একটি জ্বালানি স্থাপনার কাছে বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে।

ঘটনার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ সংশ্লিষ্ট সব পণ্যের উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি।

বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক দেশ কাতার। ফলে উৎপাদন বন্ধের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি হলো।

বিশ্ব থেকে আরো পড়ুন