বিশ্ব

উত্তপ্ত মধ্যপ্রাচ্য: গত ৬ ঘন্টায় যা ঘটলো

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৮:০৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সঙ্গে দেশটির শীর্ষ নিরাপত্তা কাঠামোর একাধিক কর্মকর্তা নিহত হওয়ার তথ্যও প্রকাশ করা হয়েছে। ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ৬ ঘণ্টায় যা যা ঘটেছে:

খামেনির মৃত্যুর নিশ্চিতকরণ

তেহরানের একাধিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাষ্ট্রীয় সূত্রে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ইরানের ভেতরে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে।

 

আইআরজিসির প্রতিশোধ ঘোষণা

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন ২৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে। পাশাপাশি তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনাতেও আঘাত হানার দাবি করা হয়েছে।

 

কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিস্ফোরণের শব্দ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগ

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি ঘটনার তথ্য তারা পেয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উদ্বেগ বাড়ছে।

ভ্যাটিকানের আহ্বান

ভ্যাটিকানে সাপ্তাহিক প্রার্থনার সময় পোপ লিও সহিংসতার চক্র থামানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক হুমকি ও অস্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সংলাপই একমাত্র পথ।

আঞ্চলিক পরিস্থিতি

তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচল ও জ্বালানি পরিবহনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল।

বিশ্ব থেকে আরো পড়ুন