বিশ্ব

খামেনির মৃত্যুর প্রতিক্রিয়া

পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৫:২৯

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে করাচির এম টি খান রোড এলাকায় কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর  প্রতিক্রিয়ায় এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। তখনই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ নেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কনস্যুলেট ভবনের দিকে পাথর নিক্ষেপ করা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও রেঞ্জারের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন