ইসরায়েলে জরুরি অবস্থা জারি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৮
ছবি: সংগৃহীত
রাজধানী তেহরানসহ ইরানের অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। অল্প সময়ের মধ্যেই ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ শহরেও হামলার খবর পাওয়া যায়। একাধিক স্থানে ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানে যে এলাকায় আঘাত হানা হয়েছে, তার কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর অবস্থিত।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইরান সরকার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বৈঠকে বসেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন