রানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরোধমূলক’ সামরিক হামলা শুরু করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই হামলা চালানো হয়েছে। তিনি দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণাও দেন এবং পাল্টা হামলার আশঙ্কার কথা উল্লেখ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্র-সম্পৃক্ত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তেহরানের জোমহুরি স্কয়ার ও হাসান আবাদ স্কয়ার এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। সম্ভাব্য পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বায়ান্ননিউজ২৪/চৈতর
বিশ্ব থেকে আরো পড়ুন