বিশ্ব

পাকিস্তানের নারকীয় হামলায় আফগানিস্তানে প্রায় ৬৭০ জন হতাহত

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ০৯:৪৪

আফগানিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনায় পাকিস্তান বিমানবাহিনীর রাতভর হামলায় ৬৭০ জনের বেশি হতাহতের দাবি করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এতে ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানান, ‘গজব আল হক’ নামে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী ২২টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তার দাবি, এতে ৮৩টি আফগান সীমান্ত চৌকি ধ্বংস এবং আরও ১৭টি অবস্থান দখল করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১২ সেনা নিহত হওয়ার কথাও স্বীকার করা হয়েছে।

অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে প্রস্তুত।

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ দুই দেশকে সংলাপের আহ্বান জানিয়েছে। ভারত পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এছাড়া আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে সীমান্ত বন্ধ রয়েছে এবং বিভিন্ন সংঘর্ষে বহু প্রাণহানি ঘটেছে। স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব থেকে আরো পড়ুন