দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় নতুন ছাপানো মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, সেনাবাহিনীর একটি হারকিউলিস সি ১৩০ কার্গো উড়োজাহাজ পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে এটি নিকটবর্তী মহাসড়কে আছড়ে পড়ে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এল আলতো বিমানবন্দরের দমকল বিভাগের প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানকর্মী এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজন নিখোঁজ রয়েছেন।
বিমানটি মহাসড়কে পড়ায় অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনার পর ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে জনতার ভিড় দেখা যায়।
তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, উড়োজাহাজে থাকা নোটগুলো এখনো পূর্ণাঙ্গ মুদ্রা নয়। সেগুলোতে সিরিয়াল নম্বর বসানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে গিয়ে নম্বর সংযোজনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন