বিশ্ব

পাকিস্তানের অভিযানে তালেবান প্রধান আখুন্দজাদা নিহতের দাবি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৯

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন— এমন দাবি করেছে একটি আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষক সংস্থা।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) ইউরোপ শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, পাকিস্তানি বিমান হামলায় কাবুলে তালেবান নেতৃত্বের ওপর আঘাত হানা হয়েছে এবং এতে আখুন্দজাদা কয়েকজন শীর্ষ কমান্ডারসহ নিহত হয়েছেন। তবে এ দাবির পক্ষে এখনো কোনো স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

২০২১ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবান পুনরায় ক্ষমতায় আসে এবং আখুন্দজাদা সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত তার অনুমোদনেই হয়ে থাকে বলে জানা যায়।

সাম্প্রতিক এই উত্তেজনার পটভূমিতে রয়েছে সীমান্ত সংঘাত। গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত হওয়ার দাবি ওঠে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর Inter-Services Public Relations জানায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ঘাঁটি লক্ষ্য করেই সে অভিযান চালানো হয়েছিল।

এর জবাবে বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাকিস্তানি চৌকিতে হামলা চালানো হয়। আফগান পক্ষ দাবি করে, এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজন বন্দি হয়েছেন। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন।

এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে। অভিযানের ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর অবস্থানের কথা জানান।

এদিকে কাবুলের পক্ষ থেকে এখনো আখুন্দজাদার নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এ দাবি সত্য হলে তা আফগানিস্তানের ক্ষমতার কাঠামো ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে বিশ্বমাধ্যম।

বায়ান্ননিউজ২৪/চৈতী

বিশ্ব থেকে আরো পড়ুন