পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ০৯:৫৫
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরম আকার নিয়েছে। সীমান্তে হামলা ও সেনা হত্যার ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
পাকিস্তানের বিমান বাহিনী এবং স্থলবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে অভিযান শুরু হয় এবং ভোর পর্যন্ত তা অব্যাহত ছিল।
তার দাবি অনুযায়ী, রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখলের কথাও জানানো হয়।
পাকিস্তানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, হামলায় আফগান বাহিনীর দুটি কোর সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুটি সেক্টর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮০টির বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও বলা হয়েছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত হওয়ার দাবি ওঠে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছিল, তেহরিক ই তালেবান পাকিস্তানকে লক্ষ্য করেই ওই অভিযান চালানো হয়।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান প্রশাসন দাবি করেছে, পাকিস্তান লোকালয়ে হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্তে পাকিস্তানি চৌকিতে তাদের হামলা ছিল পরিকল্পিত এবং প্রয়োজন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র : জিও নিউজ, ডন।
বিশ্ব থেকে আরো পড়ুন