শিক্ষা

শিক্ষামন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র দিলেন ঢাবি ভিসি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২৭

শিক্ষামন্ত্রীর নিকট পদত্যাগপত্র জমা দিচ্ছেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

রোববার সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আবেদন পেশ করেন। আবেদনপত্রে তিনি ভিসির দায়িত্ব ছেড়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড ১ অধ্যাপক হিসেবে মূল পদে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ক্যাম্পাসের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, একটি গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি ফুলেল শুভেচ্ছা জানান।

শিক্ষা থেকে আরো পড়ুন