প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:২৯
সদ্য সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে ঘিরে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান। একই সঙ্গে এ ব্যর্থতার দায় স্বীকার করেছেন তিনি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফাওজুল কবীর খান লেখেন, অগ্নিদগ্ধ হওয়া থেকে সংবাদপত্রটিকে রক্ষা করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং এ দায় তাদেরই। এ ক্ষেত্রে কোনো যদি বা কিন্তু নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, গত বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে অমার্জনীয় বলে আখ্যা দেন।
ফাওজুল কবীর বলেন, প্রথম আলো আক্রান্ত হওয়া দুঃখজনক হলেও বিশ্বজুড়ে এমন ঘটনা নতুন নয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার প্রসঙ্গ টানেন। তবে সংবাদমাধ্যম রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন না করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কেবল উগ্রবাদীদের দোষারোপ করে সমস্যার সমাধান সম্ভব নয়। সমাজে মতভিন্নতা ও বিভাজন কমাতে সংলাপের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিভিন্ন পক্ষের অভিযোগ ও ক্ষোভ শোনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরমতসহিষ্ণুতা ছাড়া স্থিতিশীলতা আসবে না।
পোস্টের শেষাংশে তিনি আবারও প্রথম আলোয় অগ্নিসংযোগের নিন্দা জানান এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ফাওজুল কবীর খান বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল হামলাকারী প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। শাটার ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সময়ে দ্য ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
সোশ্যাল মিডিয়া থেকে আরো পড়ুন