রাজনীতি

গণভোটের আইনগত ভিত্তি দুর্বল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২৬

মেজর হাফিজ উদ্দিন বীরবিক্রম

গণভোটের প্রক্রিয়াকে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যে পদ্ধতিতে গণভোট আয়োজন ও প্রচার করা হয়েছে, তার সুস্পষ্ট সাংবিধানিক ভিত্তি ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সংসদের। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এমন প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত। তিনি দাবি করেন, গণভোটের বিষয়টি ঢাকাকেন্দ্রিক একটি বিশেষ গোষ্ঠীর উদ্যোগে সামনে আনা হয়েছে, যা গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের সঙ্গে যথেষ্ট আলোচনার ভিত্তিতে হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে দ্বিমত পোষণ করেছিল। তবে দলটির কাছে তখন এমন বার্তা আসে যে, গণভোটে সম্মতি না দিলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বা নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। সেই বাস্তবতায় রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে জুলাই সনদে স্বাক্ষর করতে হয়েছে।

গণভোটের প্রচারণা পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে পরিষ্কার ও বোধগম্য ব্যাখ্যার ঘাটতি ছিল। ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি মনে করেন, দেশে গণভোটের মতো প্রক্রিয়া কার্যকর করতে হলে আগে প্রয়োজন আইনি কাঠামো ও রাজনৈতিক ঐকমত্য।

তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে সংবিধান সংশোধন ও গণভোটের ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বায়ান্ননিউজ২৪/আবির

রাজনীতি থেকে আরো পড়ুন