দিল্লির বার্তা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৫৬
ভারত-বাংলাদেশ মৈত্রী
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের পর ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
চিঠিতে নরেন্দ্র মোদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ের জন্য শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও নেতৃত্বের প্রতি বিশ্বাসের প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং জনগণের শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। উন্নয়ন অগ্রাধিকারে পারস্পরিক সমন্বয় ভবিষ্যৎ সহযোগিতাকে আরও গতিশীল করবে বলেও তিনি মন্তব্য করেন।
চিঠিতে যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং মানুষে মানুষে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। নরেন্দ্র মোদি বলেন, দ্রুত বিকাশমান দুই অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ডা. জোবাইদা রহমান ও জাইমা রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়ে ভারত উষ্ণ অভ্যর্থনার প্রত্যাশা ব্যক্ত করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের পরপরই উচ্চপর্যায়ের এই বার্তা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন