শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ০৪:৪৩

অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব

ঢাকার সাত কলেজ নিয়ে গঠিত নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার মেয়াদ কার্যকর হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি অধ্যাদেশ জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানীর সরকারি সাতটি কলেজকে সমন্বিত কাঠামোর আওতায় এনে বিশ্ববিদ্যালয়টি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোর আদলে পরিচালিত হবে। সংশ্লিষ্ট কলেজগুলোতে আগের মতোই অনার্স ও ডিগ্রি কার্যক্রম চলবে। যেসব কলেজে উচ্চমাধ্যমিক স্তরের পাঠদান রয়েছে, সেটিও বহাল থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় ক্যাম্পাসে অনার্স ও মাস্টার্স পর্যায়ের পাঠক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও একাডেমিক সমন্বয়ের ঘাটতি দূর করতে নতুন এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এখন নজর থাকবে, নতুন উপাচার্যের নেতৃত্বে প্রতিষ্ঠানটি কত দ্রুত কার্যকর একাডেমিক কাঠামো গড়ে তুলতে পারে।

শিক্ষা থেকে আরো পড়ুন