বাংলাদেশ

আইজিপির পদত্যাগের গুঞ্জন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:১০

আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, বিকেল তিনটার দিকে স্বরাষ্ট্র সচিব আইজিপির দপ্তরে যান। সেখানেই তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি চিঠিটি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে আইজিপিকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে নতুন সরকার চাইলে যে কোনো সময় তার চুক্তি বাতিল বা পরিবর্তন হতে পারে। পুরো বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, সন্ধ্যা পর্যন্ত নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন বাহারুল আলম। পদত্যাগের বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রধান।

এদিকে উচ্চপর্যায়ে এ ধরনের পরিবর্তনের খবরে প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বায়ান্ননিউজ২৪/আসিফ

বাংলাদেশ থেকে আরো পড়ুন