প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৩৬
পবিত্র রমজান মাসজুড়ে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।
রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।
এর আগে রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় রিট করা হয় বলে জানা যায়।
রিটে উল্লেখ করা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়, আইনের ক্ষমতা সম্পন্ন প্রথা ও রীতিও আইন হিসেবে বিবেচিত হতে পারে।
এছাড়া রিটে যুক্তি দেওয়া হয়, রোজার মাসে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাতায়াত ও শ্রেণিকক্ষে দীর্ঘ সময় অবস্থান তাদের জন্য কষ্টসাধ্য হতে পারে। পাশাপাশি রমজানে নগর এলাকায় যানজটের চাপও বাড়ে, যা জনদুর্ভোগ সৃষ্টি করে।
আদালতের নির্দেশনার ফলে রমজান মাসজুড়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বায়ান্ননিউজ২৪/আসিফ
বাংলাদেশ থেকে আরো পড়ুন