জাতীয় জরুরি সেবা ৯৯৯
বায়ান্ননিউজ২৪ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল এসেছে। নির্বাচনকালীন বিভিন্ন অভিযোগ ও তথ্য জানতে নাগরিকরা এসব কল করেন।
রবিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি ও জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান মহিউল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে নির্বাচনসংক্রান্ত সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রাপ্ত অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
মোট ৮ হাজার ৩৮০টি কলের মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মারামারি, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত অভিযোগ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে ৪ হাজার ৬৬৭টি কল ছিল সাধারণ অনুসন্ধানমূলক, যেখানে ভোটকেন্দ্র, প্রক্রিয়া ও অন্যান্য নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে প্রাপ্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়েছে।
বায়ান্ননিউজ২৪/আসিফ
বাংলাদেশ থেকে আরো পড়ুন